বিজয় বার্তা২৪ ডটকমঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে “বি” গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমির টিকিট কেটেছে কোহলিরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯১ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে, ৭২ বল হাতে রেখে বিশাল জয় পায় টিম ইন্ডিয়া।
কেনিংটন ওভালে ডি কক ও হাশিম আমলার ব্যাটে ভালো সূচনা পায় প্রোটিয়ারা। দলীয় ৭৬ ও ব্যক্তিগত ৩৫ রানে আমলাকে আউট করেন অশ্বিন। ৫৩ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন ডি কক। পরপর দু’টি রান আউটে ডিভিলিয়ার্স ও মিলার প্যাভিলিয়নের পথ ধরলে ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে। ৩৬ রান করে পান্ডিয়ার স্লোয়ারে বোল্ড হন ডু প্লেসি। এরপর আসা যাওয়ার মিছিলে ডুমিনির অপরাজিত ২০ রান ছাড়া দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি কেউ।
ভুবনেশ্বর ও বুমরাহ ২টি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের মাত্র ১৯১ রানেই থামিয়ে দেন। জবাব দিতে নেমে হেসে খেলেই জিতেছে ভারত। দলীয় ২৩ রানে মরকেলের বলে রোহিত শর্মা সাজঘরে ফিরলেও, ১২৮ রানে জুটি গড়েন কোহলি ও ধাওয়ান। আসরে নিজের দ্বিতীয় ফিফটি তুলে ৭৮ রান করে আউট হন ধাওয়ান। এরপর ক্যারিয়ারের ৪১তম ফিফটিতে জয় নিয়েই মাঠ ছাড়েন কোহলি। তিনি অপরাজিত ৭৬ ও যুবরাজ করেন ২৩ রান। নেট রান রেটে এগিয়ে থাকায় ভারতেরই “বি” গ্রুপের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ১৫ জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোহলিরাই।
