বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় ট্রাক চাপায় এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের চাষাড়া আজগর পেট্টোল পাম্প ও রাইফেলস ক্লাবের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত দুই স্কুলছাত্র চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত শেফালী বেগম (৫০) ফতুল্লার মাসদাইর এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশে উপ পরিদর্শক (অপারেশন) মো. মজিবুর রহমান জানান, সকালের দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি স্কুলের দুই শিক্ষার্থী ট্রাকটি আটক করে এর চাবি পুলিশকে বুঝিয়ে দিয়েছে। পরে পুলিশ ঘাতক ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৭৭) এর চালক নূরুল ইসলামকে আটক করে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন জানান, দুর্ঘটনাকালীন সময়ে প্রত্যক্ষদর্শী ছিল কমর আলী স্কুলের দুই ছাত্র। তারাই প্রথমে গাড়িটিকে আটক করে চাবি নিয়ে নেয়। পরে আমাদের হাতে চাবি বুঝিয়ে দিয়ে ওরা ঘটনার বর্ণনা দেয়।
