বিজয় বার্তা ২৪ ডট কম
চারিদিকে কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
বুধবার ১৭ মে দুপুর দেড়টায় শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নীলফামারি এলাকায় মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপর হামলা ঘটনার উদ্বৃত্তি টেনে বলেন, ওরা সাধারণত টার্গেট মিছ করে না। ওরা আসানুল্লাহ মাস্টার, অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াকে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। ১৬জুন বোমা মেরে আমাকেও হত্যা করার চেষ্টা করেছে। ওরা কাউকে ছাড়বে না। এখন আমরা যেটা দেখছি সেটা আসল বাস্তবতা নয়। ওরা যদি ক্ষমতায় আসে তাহলে তখন যেটা দেখবো সেটাই আসল বাস্তবতা। চারিদিকে কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের স্বাধীনতার পক্ষের সকল শক্তির প্রতি আহবান রাখছি দলের জন্য দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীতে আবারো ক্ষমতায় আনতে হবে। এ দেশে মোস্তাকের জন্ম হয়েছে। মীর জাফরের জন্ম হয়েছে। তেমনি নবাব সিরাজদৌলা ও বঙ্গবন্ধুর মত মানুষের জন্ম হয়েছে। যুগে যুগে মোস্তাক ও মীর জাফরদের জন্ম হয় এবং এখনও আছে। যারা শহীদ মিনারে দাড়িয়ে দিগন্ত টেলিভিশন খুলে দেওয়ার জন্য ব্যানার নিয়ে দাড়ায়। তারাই আবার রবীন্দ্র নাথের জন্য ব্যানার নিয়ে দাড়ায়। দিগন্ত আর রবীন্দ্র নাথ কখনই এক হতে পারে না। যারা দিগন্ত টেলিভিশনের জন্য ব্যানার ধরে তারাই আবার রবীন্দ্র নাথের জন্য ব্যানার নিয়ে দাড়ালে বুঝে নিতে হবে এখানে সাম থিং ইজ রং।

