বিজয় বার্তা ২৪ ডট কম
ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুর্নবহালের দাবিতে শোভন গ্রুপের শোভন সিল্ক এন্ড নিটিং মিলস লিঃ এর শ্রমিকরা আজ সকাল ১০ টায় শহরে বিক্ষোভ মিছিল ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করে। সমাবেশে শোভন সিল্ক এন্ড নিটিং মিলস লিঃ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ শিল্পাঞ্চল শাখার সভাপতি মোঃ সোহেল। আরও বক্তব্য রাখেন শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব মোঃ জলিল, আমির, আনার, আল মামুন।
নেতৃবৃন্দ বলেন, শোভন গ্রুপের ২ শতাধিক শ্রমিককে করোনা পরিস্থিতিতে ১ মাস সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি। ছাঁটাইকৃত এরা সবাই সিনিয়র শ্রমিক, ২০/২৫ বছর কর্মরত শ্রমিকও এখানে আছে। মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তারা সমস্যার সমাধান না করে কালক্ষেপন করছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকরা প্রশাসনে ও বিকেএমইএ-তে লিখিত অভিযোগ দিলেও এখনো কেউ সংকট নিরসনে এগিয়ে আসেনি। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

