বিজয় বার্তা ২৪ ডট কম
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সংগৃহীত গণ-স্বাক্ষর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ বিএনপির শতাধিক নেতা-কর্মী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর কয়েকজন ভেতরে গিয়ে জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে স্মারকলিপি পৌঁছে দেন।
বিএনপির এই কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্মারকলিপিতে খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে অভিযোগ করা হয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দি করা হয়েছে। বানোয়াট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তাই তার বিরুদ্ধে ঘোষিত রায়টিও প্রহসনমূলক ও বিস্ময়কর। কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তসরুপের কোনো ঘটনাই ঘটেনি। বেগম জিয়ার কোথাও কোনো স্বাক্ষর নেই এবং কোথাও তার কোনো সংশ্লিষ্টতা নেই।
নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
এদিকে সকাল সাড়ে ১১টায় স্মারকলিপি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, উজ্জল হোসেন,বিএনপি নেতা এড. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া।
পরে দুপুর ১২টায় দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাবেক জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন খান,জেলা মহিলা দলের আহ্বায়ক নূর নাহার বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিমা শরীফ মায়া, মহানগর আহ্বায়ক রাশেদা বেগম,যুগ্ম আহ্বায়ক আয়েশা আক্তার দিনা।
