বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার রাতে ভূইগড় কবরস্থান সড়কের একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় শয়নকক্ষ থেকে একটি চিরকুটও জব্দ করে পুলিশ। পুলিশের ভাষ্য, চিরকুটে স্বামীর আচরণ ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার কথা উল্লেখ রয়েছে।
নিহতের ছোট ভাই ফয়সালের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। ২০২৩ সালে পারিবারিক সম্মতিতে নাজমুল ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। সম্প্রতি তাঁরা ফতুল্লার ওই বাসায় বসবাস শুরু করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

