বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবি রোড এলাকায় দৈনিক কালবেলা পত্রিকার সহ-সম্পাদক মো: রাসেল আদিত্যের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা তার বাসার দরজার শিকল ও ট্রাংকের তালা ভেঙে নগদ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন সাংবাদিক মো: রাসেল। তিনি প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি।
লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, সাংবাদিক মো: রাসেল আদিত্য শহরের বি বি রোডের ২৪৩ নম্বর বাসার দ্বিতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটে বিগত ৯ বছর যাবৎ তাঁর মাকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তার দরজা-জানালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ফ্ল্যাটের পূর্ব পাশের রুমের দরজার হ্যাজবোল্টের শিকল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরের মালামাল ছিল এলোমেলো। চোরেরা রুমের ভেতর একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জি ভেঙে ভেতরে থাকা খাম থেকে নগদ ২৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা মূল্যের একটি নতুন মুঠোফোন এবং ওনার মায়ের ব্যবহৃত ৩ ভরি ওজনের আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক মো: রাসেল জানান, রাতের খাবার খেয়ে রাত ৩ টার সময় রুম তালাবদ্ধ করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরে সকাল ৮ টায় ঘুম থেকে উঠে দেখি দরজার হ্যাজভোল্ট ভেঙ্গে ট্রাংক ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ দামি আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শকব(এস আই) সাখাওয়াত হোসেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান বলেন, খোয়া যাওয়া স্বর্ণালঙ্কারসহ মালামাল উদ্ধার এবং চোর চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেয়েছিল মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
