বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
আবারও কর্তব্য ও কর্মের দায়িত্ব থেকে মানবতাকে বড় করে দেখলেন আরেক জন সাংবাদিক। গেল সপ্তাহে সিরিয়ায় দায়িত্ব পালন কালে চিত্র সাংবাদিক আলবাকার হাবাক তার ক্যামেরা ফেলে বোমা হামলায় আহত শিশুকে দু হাতে জড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক একই ভাবে কাশ্মীরে সংঘর্ষে গুরুতর আহত এক নারী শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করেন বার্তা সংস্থা ‘এপি’ চিত্র সাংবাদিক দার ইয়াসিন।
কাশ্মীরে পুলিশের সংঘর্ষের বিক্ষোভ চলার সময় নিজের দায়িত্ব পালন করছিলেন ইয়াসিন। ঠিক সে সময়ে তিনি দেখতে পান এক স্কুল শিক্ষার্থী পুলিশের আঘাতে গুরুতর জখম অবস্থায় পরে রয়েছেন।
এই রকম সাংঘর্ষিক পরিস্থিতিতে নিজের কর্ম দায়িত্ব ভুলে মানবতার দায়িত্ব পালন করেন তিনি। ছবি তোলা বাদ দিয়ে দুই হাতে ওই নারী শিক্ষার্থীকে তুলে নেন দার ইয়াসিন। পরে গাড়িতে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তিনি।
খুশবু নামের আহত ওই শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে দার ইয়াসিন বলেন, ‘মানবতাই আগে প্রাধান্য পাওয়া উচিত। আমি তার ভয়াবহ অবস্থা সহ্য করতে পারিনি।’ এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এক জন পিতা হিসেবে কি করে আমি এই দৃশ্য আমি দেখতে পারি। মেয়েটি আমার সন্তানও হতে পারতো।’
তবে ১৪ বছরের সাংবাদিকতা পেশায় দার ইয়াসিনের জীবনে এমন ঘটনা প্রথম নয়। এর আগে ২০০৫ সালে লালচকে বোমা বিস্ফোরণের ঘটনার গ্রেনেডে আহত এক মা ও তার মেয়েকে বাঁচিয়েছিলেন দার ইয়াসিন।

