বিজয় বার্তা ২৪ ডট কম
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে— এমন অভিযোগ তুললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ভোটের দিন ফজরের নামাজ পড়েই কেন্দ্রে যেতে হবে। সিলেট থেকে প্রচারণা শুরুর পর ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে চালু করা হবে ফ্যামিলি কার্ড ও কৃষি বীমা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। তাই দলের রীতি মেনে সিলেটের পূণ্যভূমি থেকে প্রচার শুরুর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী জনসমাবেশে ঝড় তোলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিশাল জনসমুদ্রে তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে আবারও শুরু হয়েছে পুরনো ষড়যন্ত্র। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির বিষয়ে সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন— এই দুই অর্জনকে মিলিয়ে দেশ গড়ার ডাক দেন বিএনপি প্রধান। তিনি বলেন, গত ১৫ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হলেও, চব্বিশে রিকশাচালক থেকে শুরু করে সব ধর্মের মানুষ রাজপথে নেমে স্বাধীনতা রক্ষা করেছে।
এসময় তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে। ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকার প্রয়োগ করবে— এমন আশাবাদ ব্যক্ত করে, নেতাকর্মীদের শেষ সময় পর্যন্ত মাঠে নির্দেশ দেন তারেক রহমান।
সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী উৎসাহ উদ্দিপনায় সমাবেশস্থলে জমায়েত হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু কর স্লোগানে মুখর হয়ে উঠেছে চারপাশ। সভাস্থলের আশপাশে ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণ সহ সাজ সাজ রব হয়ে উঠে।
