বিজয় বার্তা ২৪ ডট কম
একটি মাদক মামলার রায়ে ৩ মাদক ব্যবসায়ির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে দন্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ে দন্ডপ্রাপ্তরা হলো, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।
নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন বলেন, ২০১৬ সালের ১৫ এপ্রিল ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে অবস্থিত শান্তিধারা হকার্স মার্কেটের সামনে পুলিশের একটি চেক পোষ্টে নারায়ণগঞ্জগামী সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫২৬১) তল্লাশী করে দন্ডিত তিন জনের পায়ের কাছে থাকা একটি কার্টনের ভেতর থেকে ৬৬ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ছিল দুই কোটি চল্লিশ হাজার টাকা।
মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়৷

