বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, সিদ্দিকের বক্তব্যে অনেক কষ্টের কথা শুনলাম। তাই আজ আমরা কষ্টের কথায় গেলাম না। কারণ গত ৩-৪ দিন ধরে এই একই মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগই শুনতেছি। আজকে নারায়ণগঞ্জ শহর দিয়া দেখলাম হুজুররা ক্ষেপছে। আরেক দিকে দেখি হিন্দুরা ক্ষেপছে। এখন যদি আমিও কিছু বলি তাহলে বিষয়টা খারাপ দেখা যায়। তাই কিছু বললাম না। হাতে আর কয়েকটা দিন সময় আছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই সবকিছু সুন্দর হয়ে যাবে একসময়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন,আমরা চেষ্টা করছি নারায়ণগঞ্জের জন্যে কিছু করতে। করোনাটা একটু কমে গেলে আমি নারায়ণগঞ্জের সব শ্রেণীপেশার মানুষদের সাথে বসবো এবং বসার পরে আমি আপনাদের জানবো কি কি কাজ আমরা নিয়ে আসতে পেরেছি। যে কাজগুলো আনা হয়েছে, সে কাজগুলো যদি সঠিকভাবে হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নারায়ণগঞ্জ ঢাকা থেকে গুরুত্বপূর্ণ শহরে রূপ নিবে। এর জন্যে কে বিএনপি কে জাতীয় পার্টি করে কিংবা কে পক্ষে বা বিপক্ষে এসব উর্ধ্বে রেখে আমাদের একসাথে বসতে হবে এবং কাজ করতে হবে।
তিনি আরও বলেন,বাংলাদেশকে ধ্বংস করার জন্যে অনেক নোংরা খেলা হচ্ছে। এটা ক্ষমতা পরিবর্তনের খেলা না, বিশ্বাস করেন আমি হালকাভাবে বলছি না। এদেশকে আফগানিস্তানের থেকেও খারাপ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। এই জন্যে শত শত কোটি কোটি টাকা দেশে প্রবেশ করছে। এর মধ্যে আমাদের ভিতরের লোকও আছে এবং দেশের বাইরের লোকও আছে। এদেশকে ঠেকিয়ে রাখার জন্যে আমাদের একজন মানুষকে দরকার। আর তার নাম হচ্ছে শেখ হাসিনা। আপনারা ওনার জন্যে দোয়া করবেন। কারণ উনি নিজের স্বপ্ন জলাঞ্জলী দিয়ে আপনার, আমার এবং আমাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ করে যাচ্ছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

