বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের যন্ত্রাংশ চুরির অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দেয়ার ঘটনায় গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ রবিবার দুপুরে মেয়রের সহযোগী ২ জনেক গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে মেয়রের সহযোগী ফারুক (৪০) ও সেলুনের নাপিত দীপক শীল (৫০)।
প্রসঙ্গত, উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিং মিলের নাট বল্টু চুরির অভিযোগ এনে সোমবার সকাল ১০টার দিকে রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), একই এলাকার হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) কে বাড়ী থেকে ধরে এনে দুই ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে রামচন্দ্রদী বাসষ্ট্যান্ডে এনে ছেড়ে দেয় মেয়রের লোকজন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, মেয়র হুকুম দিয়ে এমন কান্ড ঘটিয়ে এখন পলাতক রয়েছে । মামলার ২ আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

