বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার উদ্বোধন করা হবে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নবনির্মিত ভবন। ৫ কাঠা জমির ওপর ১,২০০স্কয়ার ফিটের ৪কক্ষ বিশিষ্ট আধুনিক এ ভবনের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির কনষ্ট্রাকশন ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির অধীনে উপজেলা নির্বাহী অফিস মৌখিক অর্ডারে কাজ শুরু হয় ২০১৭ সালে। উপজেলার প্রাণকেন্দ্রে নির্মিত এ ভবনে প্রথমে ছিল টিনসেড আধাপাকা ঘর নির্মাণের অর্ডার। যার ব্যয় ধরা হয়েছিল প্রায় ১০ লাখ টাকা। পরে সিডিউলে পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলে আরসিসি ফাউন্ডেশনে একতলা ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি আমির হোসেন ভূঁইয়া বলেন, ওয়ার্ক অর্ডারে প্রথমে ১০ লাখ টাকা ব্যয়ে টিনসেট ঘর নির্মাণের কথা ছিল। পরে নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়। এটি শনিবার উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, ‘যেহেতু প্রকল্পটির খোঁজ খবর মাননীয় প্রধানমন্ত্রী নিজে রাখছেন, এতে সিডিউলের শতভাগ সামগ্রী ব্যবহার করা হয়েছে। নির্মাণ সামগ্রী ব্যবহারেও গুনগতমান বজায় রাখা হয়েছে।’ আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান বলেন, আগামী শনিবার নবনির্মিত এ ভবনের উদ্বোধন করা হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

