বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। আমাকে বারবার পরীক্ষা দিতে হবে না। আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।
মঙ্গলবার দুপুরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার আর কিছু পাওয়ার নেই। একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমার নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
তিনি আরো বলেন, সশস্ত্র আক্রমণ থেকে নিরস্ত্র লোকজন ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের বোন, আপনাদেরই একজন। আমি জীবন কোনোদিন এত ভালোবাসা পাইনি।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় হকার ও সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়র আইভীর লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। ঘটনায় একদিন পর ১৮ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। মঙ্গলবার চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে নারায়ণগঞ্জে ফিরে গেলেন।
