বিজয় বার্তা ২৪ ডট কম
আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং যেখানে সেখানে পানি জমিয়ে রাখবেন না। ঢাকায় ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করছে আমার মনে হয় নারায়ণগঞ্জেও হতে পারে। এই এডিস মশা যেটা থেকে হচ্ছে তা কিন্তু বাড়ির জমানো পরিষ্কার পানিটা থেকে হচ্ছে। তাই আপনারা যেখানে সেখানে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখবেন এবং যথাস্থানে ময়লা ফেলবেন এবং আজকে আপনারা তা ওয়াদা করবেন। মনে রাখবেন ওয়াদা বরখেলাপকারীকে কিন্তু আল্লাহও পচ্ছন্দ করেন না।
শনিবার(২০জুলাই) বিকেলে নগরীর দেওভোগস্থ শেখ রাসেল পার্কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কতৃক আয়োজিত বর্জ ব্যবস্থাপনা বিষয়ক গণসচেতনতামূলক প্রচার অভিযান “কবি গানের আসর” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একথা বলেন।
মেয়র বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই সপ্তাহকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করেছে, যা এই মাসের ২৫ তারিখ থেকে শুরু হবে। কাউন্সিলরদের প্রতি আমার অনুরোধ থাকবে, এলাকার দলমতের উর্ধ্বে সবাইকে নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন। এটি শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একার কাজ না। আপনারা যারা আমাদের ভোট দিয়েছেন তারা মনে করেন যে সব দায়-দায়িত্ব আমাদের। কিন্তু এই দায়-দায়িত্ব বুঝে নেয়ার দায়িত্ব আপনাদের। আমরা কাজ করলাম কি করলাম না সেটা দেখার দায়িত্ব আপনাদের। আমাদের শহর আমরাই গড়বো আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং আমাদের শহরের ফুটপাত দিয়ে আমরাই হাটবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও এ.এফ.এম. এহতেশামুল হক, নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসিক নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন,১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফয়সাল সাগর প্রমুখ।
