বিজয় বার্তা ২৪ ডট কম
8নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড়ে শিশু বয়সে কথিত ‘অপহরণের শিকার’ রুবেল ১৪ বছর পর যুবক বয়সে ফিরে এসে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের ভার্চুয়াল আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় যুবক। জবানবন্দি রেকর্ড করার পর তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন।
রুবেল জানান, তিনি যে অপহরণ হননি তা আদালতের কাছে বলেছেন। গত ১৪ বছর কোথায়, কীভাবে ছিলেন তাও জানিয়েছেন আদালতকে। তাকে অপহরণের অভিযোগে যারা হয়রানি হয়েছেন এ জন্য দুঃখ প্রকাশ করেন। এই বিষয়ে তিনি কিছু জানতেন না তিনি। গত বছর মায়ের সাথে ফোনে কথা হলে বিষয়টি জানতে পারেন। যদিও এই মামলা তারও কয়েক বছর আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল।
২০০৭ সালের ২০ জানুয়ারি নিখোঁজ হয় সে। ওই ঘটনায় জমি সংক্রান্ত বিরোধ থাকা ১৯ জনকে আসামি করে অপহরণ মামলা করেন রুবেলের মা রাহিমা বেগম। মামলার ৬ আসামি গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগও করেছেন। বর্তমানে তিনি ২২ বছর বয়সী যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় থানায়। পরে শুক্রবার পাঠানো হয় আদালতে।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালতে দুইজন বীর মুক্তিযোদ্ধাসহ ১৯ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন রাহিমা বেগম। মামলাটি তদন্ত করে থানা পুলিশ, ডিবি, র্যাব ও সিআইডি। তবে কেউই ঘটনার সাথে আসামিদের সম্পৃক্ততা পাননি। সর্বশেষ ২০১০ সালে ডিবি চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দিলে আদালত মামলাটি নিষ্পত্তি করে দেন

