বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনী এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সেভেন ফিল্ড রেজিমেন্টের মেজর আফসান।
অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে— বিপুল পরিমাণ গাঁজা, ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা।
আটকৃতরা হলেন, মোছা. ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগম (৫০) কে। তবে অভিযানের সময় মো. নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, “আটককৃত দুই নারীর বসতঘরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
