বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনেরা সাংসদ সেলিম ওসমান বলেছেন. ছোট বোন হিসেবে আইভীকে আমি স্নেহ করি এবং একজন সংসদ সদস্য হিসেবে সিটি করপোরেশনের মেয়রকে সম্মান করি। ছোট বোন আইভীর সাথে আমার কখনও কোন বিরোধ ছিল না।
মঙ্গলবার ৩ জানুয়ারী সকালে বন্দরে মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর নাম উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার সম্মান আল্লাহ্র পক্ষ থেকে আসে। আমার ছোট বোন সেলিনা হায়াৎ আইভীকে জনগনের ভোটের মধ্য দিয়ে আল্লাহ্ আবারো সম্মানিত করেছেন।
তিনি আরো বলেন, সে আবারো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। আগামী বৃহস্পতিবার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ পাঠ করানো হবে। আমি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য। তাই ওই শপথ অনুষ্ঠানে আমিও উপস্থিত থাকবো এবং উপস্থিত থাকাটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি।
তিনি আরো বলেন, আমি আমার ছোট বোন মেয়র আইভী এবং আমার ছোট ভাই সংসদ সদস্য শামীম ওসমান সহ সকল সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান রাখবো আর কোন মান-অভিমান নয়। আর কোন হিংসা-প্রতিহিংসা, দম্ভ নয়। অতীতে কি হয়েছে সব ভুলে আসুন আমরা সকলে মিলে একত্রে নারায়ণগঞ্জের উন্নয়নে কাধে কাধ, হাতে হাত মিলিয়ে কাজ করি। নারায়ণগঞ্জে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনে সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে একটি মডেল হিসেবে দেশের কাছে তুলে ধরি।
সবশেষ তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে আমাদের জনপ্রতিনিধিদের ঐক্য ছাড়া বিকল্প আর অন্য কিছু নাই। পাশাপাশি জনগনের দেওয়া পবিত্র ভোটের সম্মান জানাতে আমাদের সকল জনপ্রতিনিধিদের অবশ্যই জনগনের সেবক হিসেবে জনগনের সেবায় নামতে হবে। আমি আশা রাখবো আজকের পর থেকে আর কোন ভেদাভেদ থাকবে না। প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে সকলেই আমার সাথে একমত হবেন।
