বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
পরবর্তী সময়ে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী নাসিকে আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই আর ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
আইভী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হন। এরপর ২০১১ সালে সিটি করপোরেশন ঘোষণা করার পর প্রথম নাসিক নির্বাচনে তিনি শামীম ওসমানকে (নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ) বিপুল ভোটে পরাজিত করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল শামীম ওসমানকে। আইভী বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হন।
