বিজয় বার্তা ২৪ ডট কম
সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন এবং ব্যালট বাক্স রক্ষা করার জন্যে যা যা প্রয়োজন, আইনশৃঙ্খলা বাহিনী তার সবই করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরিস্থিতি ঘুরে দেখার সময় এ কথা বলেন তিনি।
মঈনুল হক বলেন, “আমাদের কাছে প্রতিটি কেন্দ্র ও ভোটার সমান গুরুত্বপূর্ণ, আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। এখন যেভাবে চলছে, ভোট শেষ পর্যন্ত এভাবেই চলবে। ব্যালট বাক্স রক্ষা করার জন্যে যা যা করা প্রয়োজন। আমরা তাই করব।”
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মঈনুল বলেন, ‘‘এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে সুযোগ নেয়ার চেষ্টা যেন কেউ না করে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮টায় মহানগরীর ১৭৪টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে চারলাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটারের অংশ নেয়ার কথা।
নির্বাচনে মেয়র পদে সাতজন, নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে মূল লাড়াই হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের মধ্যে।

