বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অর্টিজম চাইল্ড মডেল একাডেমি নামের একটি প্রতিবন্ধী শিশুদের স্কুলের জন্য স্বামীর মত নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছেন সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান। এছাড়াও তিনি সব সময় স্কুলটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ওসমান দম্পোত্তি বন্দরে জনসেবার জন্য একই স্থানে একটি প্রতিবন্ধী স্কুল, বৃদ্ধাশ্রম ও ডে-কেয়ার সেন্টার নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। প্রতিবন্ধী স্কুলের জন্য চেক হস্তান্তর করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে গিয়ে আবেগগণ হয়ে পড়েন মিসেস নাসরিন ওসমান। এ সময় তার দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আওয়াজ ভারী হয়ে যায়। তার কান্না জড়িত কন্ঠে বক্তব্য শুনেছে তার সাথে কেদেঁছেন সেখানে উপস্থিত অনেকে।
মঙ্গলবার ৩ জানুয়ারী সকালে বন্দরে মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় এ ঘটনা ঘটে।
মিসেস নাসরিন ওসমান তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমার একজন ভাই ছিল প্রতিবন্ধী। আমরা তার জন্য কিছুই করতে পারি নাই। একজন প্রতিবন্ধী শিশু যার পরিবারে থাকে তার যে কত কষ্ট তা বুঝানোর মত নয়। প্রতিবন্ধী স্কুলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও আমি প্রতিবন্ধী অসহায় শিশুদের জন্য স্কুল এবং বৃদ্ধাশ্রম ও ডেকেয়ার সেন্টারটি দাঁড় করিয়ে যাবো। আমার শ্বশুর যে কিনা একজন লৌহ মানব ছিলেন। উনার তিনটি সন্তান সংসদ সদস্য হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি এই পরিবারের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি খুব বেশি সময় আমার শ্বশুরের সেবা করার সুযোগ পাই নাই। তাই আমি এরকম মানুষদের সেবা করার জন্য একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চাই।
সহধর্মিনীর সাথে একই সুরে সেলিম ওসমান ঘোষণা দেন, বন্দরে একই স্থানে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি আধুনিক স্কুল, একটি বৃদ্ধাশ্রম, এবং অনেক মায়েরা আছেন যারা তাদের সন্তানদের দেখাশুনা করার জন্য ঠিক মত কাজে যেতে পারেন না। সেই সকল মায়েদের সন্তানদের জন্য একটি ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হবে এবং তা বাংলাদেশের অন্যান্য যে কোন প্রতিষ্ঠানের থেকে ভাল সুযোগ সুবিধা থাকবে। ঘোষণা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে সরকারী জমি বরাদ্দ দেওয়ার জন্য মৌখিকভাবে আবেদন করেন। জনসেবার জন্য বন্দরে নির্মাণ হওয়া এই তিনটি প্রতিষ্ঠান নির্মাণ এবং পরিচালনার সকল ব্যয় বহন করবেন সংসদ সদস্য সেলিম ওসমান, তার সহ ধর্মিনী মিসেস নাসিরন ওসমান, মেয়ে অন্যন্যা শারমিন, অপর্না শারমিন, রোমানা শারমিন এবং জামাতা সোয়েব মোহাম্মদ আরেফিন এবং আক্তার হোসেন অপূর্ব।
শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আবুল জাহের, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বন্দর উপজেলার চেয়ারম্যান ্আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

