বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লকডাউন মানাতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। কঠোরতার মধ্যেও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। শনিবার সকাল থেকেই নগরের চাষাঢ়ায় প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে বের হওয়ার যৌক্তিক কারণ জেনে নগরবাসীকে শহরে প্রবেশের অনুমতি দেয়া হয়।
যৌক্তিক কারণ না থাকলে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়। এর মধ্যে কারণ ছাড়া বের হওয়া ব্যক্তিদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পাশাপাশি বের হওয়া যানবাহনগুলোকে কয়েক ঘন্টা আটকে রেখে শাস্তি দেয়া হয় এবং সতর্ক করা হয়।
ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, মানুষকে ঘরে রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের দুটি টিমে ১০ জন করে ম্যাজিস্ট্রেট সকালে ও বিকেলে নিয়মিত লকডাউন কার্যকরে কাজ করছেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
জেলা এসপি জায়েদুল আলম জানান, আমরা ৩০ টি চেকপোস্ট ও ৬ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লকডাউন কার্যকরে কাজ করছি। মানুষ তবুও নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন। করোনার ভয়াবহতাকে তারা উপলব্ধি করতে পারছেন না। অযথা যারা বের হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছি এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া প্রতি এলাকায় এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

