বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর এলাকায় অবস্থিত ‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ নামের একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুরো ফ্যাক্টরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘‘সাইন ফ্ল্যাক্সি প্যাক’ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি ও ফতুল্লার দুটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো। ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শর্টসার্কিট থেকে আগুনের লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।
সাইন ফ্ল্যাক্সি প্যাক এর মালিক দিলীপ সাহা বলেন, রাত সোয়া একটার দিকে আমি খবর পাই কারখানায় আগুন লাগে। এর কিছু পরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে আমাদের কারখানার মেশিন থেকে শুরু করে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমার ৯ থেকে ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

