বিজয় বার্তা ২৪ ডট কম
গভীররাতে যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয় এসময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকার বাসিন্দা নাঈম (৩৮) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা , ১০৫ পিস ইয়াবা এবং আনুমানিক ১৪–১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় নাঈম ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪)। গ্রেফতারকৃত সবাই আড়াইহাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

