বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই উদ্বোধন করা হয়।
দেশে আগের চেয়ে খুনের পরিমান অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি আরো বলেন, এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে খুন।
এসময় সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন কি প্রভাব ফেলবে কি প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল তার উপর নির্ভর করে।
এসময় সচিব আরো বলেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ারসার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যার্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
