বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের সময় আবারও তিতাস গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। রবিবার বিকেল পর্যন্ত এ লাইন মেরামত করা সম্ভব হয়নি।
শনিবার ২২ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসের মেইনপাইপ লাইন ফেটে শোঁ-শোঁ শব্দে গ্যাস বের হতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল অঞ্চল থেকে সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জেলার বেশির ভাগ আবাসিক গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের পাইলিংয়ের কাজ করার সময় তিতাসের ১২ ইঞ্চি ব্যাসের মেইন পাইপলাইনে ফেটে যায়।
এতে শো শো শব্দে গ্যাস বের হতে থাকে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে মেইন পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এদিকে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্যাস নির্ভর শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাইপলাইন মেরামত কাজ করা সম্ভব হয়নি।
রোববার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, উড়াল সড়কের পাইলিংয়ের সময় মেইন পাইপলাইন ফেটে গেছে। গভীরতায় ২০ থেকে ২৫ ফুট নিচে পাইপ থাকা অবস্থায় মাটি খুঁড়তে গিয়ে বার বার ভেঙে যাচ্ছে। মাটি যাতে ভেঙে না পড়ে চারদিকে লোহার পাত দিয়ে সুরক্ষা তৈরি করার কাজ চলছে। মাটি খোঁড়াসহ পাইপলাইন মেরামতে আরও ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগবে। মেরামত কাজ সম্পন্ন হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
উড়াল সড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বলেন, শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় তিতাসের পাইপলাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। সেটি দ্রুত মেরামত করার কাজ চলছে।
উল্লেখ্য, এ উড়াল সড়কের পাইলিংয়ের কাজ শুরুর পর থেকে ফতুল্লায় অন্তত ২৭ বার তিতাসের মেইন পাইপলাইন ফাটার ঘটনা ঘটেছে। এতে অগ্নিকান্ডসহ বহুবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। সেই সঙ্গে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে।
