বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া ভাংতি এলাকায় ভূমিকম্পের পর বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌঁনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া জানান, তার তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন–২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।
এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট–সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”

