বিজয় বার্তা ২৪ ডট কম
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এসময় স্লোগান দিতে দিতে মহাসড়কে বাঁশ ফেলে সকল লেনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এনসিপির নেতারা। তবে ২০ মিনিট পর সড়কের গাড়ি ছেড়ে তারা একপাশে অবস্থান নেয় তার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুতই আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ায় তারা এখনো ছাত্র জনতার উপর হামলা চালাচ্ছে। প্রশাসন যদি বিচার করতে না পারে তাহলে আমরা এর বিচার করব।”
এ বিষয়ে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নিরব রায়হান বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এ ধরনের বর্বর আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলা হওয়া অত্যন্ত দুঃখজনক ও প্রশ্নবিদ্ধ। আমরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

