বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। কারন বিএনপি গণমুখী দল।
সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো।
বিগত আওয়ামী লীগ সরকার সম্পর্কে রিজভী বলেন, এটা পরীক্ষিত যে আওয়ামীলীগ হলো ফ্যাসিস্ট দল কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪ এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশীদার বিএনপি, তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে।
রিজভী বলেন, ১৯ জুলাই আমাকে গ্রেপ্তার করেছিলো আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্ব
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।
এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

