বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে ট্রাকের ধাক্কায় মো. সোহেল মিয়া (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত কাজী জিয়ারত উল্লাহর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাদির হোসেন জানান, “আমি সানারপাড় থেকে চিটাগাংরোড যাচ্ছিলাম। মৌচাক এলাকায় পৌঁছালে দেখি একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকটি থামিয়ে দেন এবং ট্রাকের চালক মো. মাহবুব ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।”
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
