বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রাদ্ধানুষ্ঠানে এসে বালু নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে ডুবে নিখোঁজের ৩৮ ঘন্টা পর কলেজ ছাত্র সৃজন সাহার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। সে সবেমাত্র নরসিংদী সরকারী কলেজ থেকে রসায়ন বিষয়ে মাষ্টার্স পরীক্ষা দিয়েছিল।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, গত রবিবার দুপুরে পরিবারের সাথে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুরের নিজ বাড়ি থেকে রূপগঞ্জের ইছাপুরা এলাকায় তার নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আসেন।
ঐদিন বিকেল সাড়ে ৫ টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন সাহা গোসল করতে নামে। এসময় নদীতে গোসলের দৃশ্যও ধারন করেন তার ছোট ভাই সূর্য্য সাহা। সাতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে নদীর প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যায় সৃজন সাহা। এরপর থেকে নিখোঁজ ছিল সে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে। পরে নিখোঁজের ৩৮ ঘন্টা পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭ টারদিকে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকার পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
