বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজ থেকে বৈষম্য দূর করার কার্যকর বাহন হচ্ছে শিক্ষা। এর মাধ্যমে আমরা বৈষম্য নিরসন করতে পারি। শিক্ষা হচ্ছে মানুষের আত্ত্ব উন্নয়নের উপযুক্ত পথ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সংক্রান্ত নাগরিক তৈরির উপায়। আমরা সবাই মিলে এমন শিক্ষা ব্যাবস্থাই গড়ে তুলি। নারায়ণগঞ্জে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেছেন। আজ শনিবার দুপুরে “কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকশিত হবে মানবতার দীক্ষা”- এই শ্লোগানকে ধারণ করে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষা উপদেষ্টা আরো বলেন, শিক্ষার গুণগত মান বাড়ানো কোচিং ও নোট বই নির্ভরতা কমানো সহশিক্ষা কার্যক্রম জোরদার করা লাইব্রেরি কার্যক্রমকে জোরালো করা মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আলোকিত মানুষ গড়ে তোলার কেন্দ্র হিসেবে তৈরি করা জরুরি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খান। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের অধ্যাপক ডঃ মোহাম্মদ মনিনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডঃ খ.ম কবিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
