বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ডা.সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আদালতে জামিন আবেদন করলে আগামী ২ জুন শুনানীর দিন ধার্য্য করেন আদালত। ছাত্র-জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় বর্তমানে আইভী জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশী রিমান্ড রয়েছেন।
মঙ্গলবার দুপুরে আইভীর পক্ষের আইনজীবীরা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে এই শুনানীর দিন ধার্য্য করেন।
এর আগে গত ২৫ মে মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীকালে সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। একই সাথে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য্য তারিখ নির্ধারণ করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন। তিনি জানান, ছাত্র- জনতার আন্দোলনে মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর ২ দিনের পুলিশী রিমান্ড চলমান রয়েছে। আসামী পক্ষের আইনজীবীরা আদালতে ফৌজদারী বিবিধ মোকদ্দমা আবেদন করলে আদালত ২ জুন পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে সাবেক মেয়র আইভীর পক্ষে আদালতে(ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করেছিলাম। শুনানীর দিন রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে অবগত করেন। পরে আদালত ২৫ তারিখে রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন। সেদিন শুনানীতে বিজ্ঞ আদালত আইভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং সাত কার্যদিবসের মধ্যে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেন। কিন্তু সাত কার্যদিবস আগামী ১ জুন তারিখ শেষ হবে বিধায় আজকের ফৌজদারী বিবিধ মোকদ্দমাটি আগামী ২ তারিখ শুনানীর দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য এর আগে গত ৯ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট ৫ টি মামলা রয়েছে।
