নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালের দিকে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ, হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, মিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে।গ্যাসের চুলা জ্বালাতেই এই ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে হয়তো এ ঘটনা ঘটেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত পরে বলা সম্ভব হবে। এ ঘটনায় দগ্ধ ৩জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

