বিজয় বার্তা ২৪ ডট কম
মাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে শিশু সন্তানকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এসময় তাদের কাছ থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
সোমবার (৭ অক্টোবর) রাতে র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মাহবুর আলম পারভেজকে গ্রেপ্তার করে র্যাব। এরপর সে অপহরণের কথা স্বীকার করলে র্যাব কুমিল্লার কোতয়ালী মডেল থানার কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী শাকিল আহমেদ রুবেলকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
আসামি মাহবুর আলম পারভেজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জর কদমতলী কলেজপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। অপর আসামি শাকিল আহমেদ রুবেল (৪৩) কুমিল্লার মুরাদপুর এলাকার সাঈদ আহমেদের ছেলে।
র্যাব জানায়, অপহৃত শিশুর মা মাহমুদা সুলতানা ইলুর দূর সর্ম্পকের আত্নীয় মাহবুর আলম পারভেজ। একই এলাকায় বসবাসের সুবাধে তাদের একে অপরের বাসায় যাতায়াত ছিলো। দুই সন্তানের জননী ইলুর সাথে তার স্বামীর সর্ম্পকের অবনতি হলে ইলু তার পিতার বাবায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিলো। এরই সুযোগে পারভেজের সাথে ইলুর ভালো সর্ম্পক গড়ে উঠে। পারভেজ ইলুকে বিবাহের প্রস্তাব দিলে ইলু তা প্রত্যাখান করে। এরই জের ধরে মাহবুর আলম পারভেজ গত ছয় অক্টোবর ভোরে অপহৃত শিশুকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে । শিশুটি দরজা খুলে দিলে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাইরে নিয়ে যায় । পরবর্তীতে পারভেজ তার সহযোগী শাকিল আহমেদ রুবেলকে দিয়ে শিশুটিকে কুমিল্লায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা খালেকুজ্জামান খান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি র্যাবকে জানালে র্যাব কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

