বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার মামলায় আল জুবায়ের স্বপ্নীল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ জরিমানা করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ রায় দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃসদন নামে একটি বাড়ির ৬ তালার ফ্ল্যাটে ডাকাতি করতে ঢুকেন জোবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পালাতে না পেরে ফ্ল্যাটের ভেতরেই বসে থাকেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরের বছর ২০২৩ সালের জানুয়ারিতে মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল করে তদন্তকারী সংস্থা ডিবি। আজ এই মামলার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

