বিজয় বার্তা ২৪ ডট কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরো বেশি দেখতে চাই। কারণ দিনশেষে সবকিছু নির্ধারণ হয় সংসদ থেকে। আমরা আগামীতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্টস, অটোস্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজি করছে। ছাত্র-জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও এসব চাঁদাবাজি হয়েছে।
তিনি বলেন, ছাত্রসমাজের যখন প্রয়োজন হবে তখনই মাঠে নামবে। এ জন্য আমাদের এখন থেকেই যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে আমাদের ওপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। হোক সেটা শেখ হাসিনা কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে।
এদিন সকালে তিনি নারায়ণগঞ্জ আসেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা কথা বলেন। আন্দোলনে হতাহত কয়েকজনের বাড়িতে গিয়েও সান্ত্বনা দেন সারজিস।

