বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ীর চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। এসময় তাদের সাথে থাকা আরেক পথচারী মা আহত হয়েছেন।
বিষয়টি শনিবার (২০ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।
এর আগে শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৪০) ও ছেলে লোকেশ ডাকুয়া (৯)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে অজ্ঞাত একটি বাস চাপা দিয়েছে। এই খবর শুনে তারা সেখানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে আসেন। তবে ঢাকা মেডিকেলে আনার পরপরই চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।
আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম। গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের। গত শনিবার গ্রাম থেকে স্বামী—সন্তানসহ নারায়ণগঞ্জে “বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে” এসেছিলেন পূজার জন্য। সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা। এসময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পর চালক পলাতক৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

