বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মোসলেম নামে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার দুপুরে (২৫ ফেব্রুয়ারী) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কিতাব আলীর ছেলে রেজাউল, রেজাউলের ছেলে ফারুক ও সোহরাব।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার।
গত শুক্রবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় বাতেন গ্রুপ ও মোসলেম গ্রুপের মধ্যে সম্পত্তির দখল নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন-বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম,মোস্তফা,ফারুক,এনামুল ও সোরাব সহ আরোও বেশ কয়েকজন। এদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাজী মোসলেম সহ ৬ জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঐ দিন বিকালে মোসলেমকে পরীক্ষা নিরিক্ষা করার জন্য রিলায়েন্স জেনারেল এন্ড রেনাল হসপিটাল লিঃ এ নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ব্যাপারে নিহতের স্ত্রী সায়েরা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

