বিজয় বার্তা ২৪ ডট কম
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা (মিডিয়া সচিব) হাফেজ মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক।
গ্রেফতারকৃত মামুন কুমিল্লার লালমাই এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ উগ্রবাদী বই ও প্রচারপত্র প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার দায়িত্ব পালন করছিলেন।
তিনি জানান, গত ৬ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সাইনবোর্ডের হকার্স মার্কেট এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সচিব ও শীর্ষ পর্যায়ের নেতা মামুনুর রশিদ মামুন গোপন বৈঠকে মিলিত হন। র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে যান মামুন। ঐ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়। সেই থেকে পলাতক আসামি মামুনুর রশিদকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ নজরদারি ও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিনিয়র এএসপি ফজলুল হক জানান, গ্রেফতারকৃত মামুন হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। অফলাইন ও অনলাইনে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত আলোচনা ও বিভিন্ন সময় রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও মিছিলের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

