বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ প্রচারণার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ইসমাঈল হোসেন অপু (২২) গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি একজন ব্লগার।
পুলিশ জানায়, ব্লগার অপু গত ৭ বছর ধরে ‘নিউজ আড়াইহাজার’ নামে একটি ব্লগ চালান। ফেসবুকে একই নামে তার একটি পেজ আছে। ব্লগে তিনি বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিরূপ মন্তব্যধর্মী লেখা প্রকাশ করতেন। সম্প্রতি সংসদ সদস্য বাবু ও তার পরিবারের সদস্যদের ছবি ফটোশপে সুপার এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করে আসছিলেন। গত ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
পরে ইশরাক আহমেদ সাজন (২৮) নামে সংসদ সদস্য বাবুর এক শুভাকাঙ্ক্ষী ব্লগার অপুকে ফেসবুক পেজটি বন্ধ করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইশরাককে প্রাণনাশের হুমকি দেন অপু। পরে আড়াইহাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ইশরাক।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযুক্ত অপু ‘নিউজ আড়াইহাজার’ নামে ফেসবুক পেজের এডমিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আড়াইহাজারে এ ধরনের অপপ্রচারকারী যতগুলো ফেক আইডি আছে, শনাক্ত করে পরিচালনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

