বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে পাঁচজনকে খালাস দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, রমজান ওরফে নিবারন ও মনোয়ারা বেগম।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফজলুর রহমান জানান, ভিকটিম রীনা বেগম ও আসামি আক্তার হোসেন ভালোবেসে বিয়ে করে ফতুল্লার কানাইনগর এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু আক্তার হোসেনের পরিবার তাদের বিয়ে মেনে নিচ্ছিল না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর আক্তার হোসেন তার স্ত্রী রিনা বেগমের বাড়ি গিয়ে জানান রীনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রীনার পরিবারের সদস্যরা ফতুল্লার কানাইনগর এলাকায় আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে রীনাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করে।

