বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে দুই যুবককে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ছেলে ও নব্য ছাত্রলীগ নেতা নাজিব মাহমুদ স্বপ্নীলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার ভূঁইগড় চৌরাবাড়ি এলাকায়। নব্য ছাত্রলীগ নেতা স্বপ্নীল ও তার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যেই তানভীর ও সাজ্জাদ নামের দুই যুবককে চাপাতি, রামদা ও হাতুড়ি দিয়ে উপর্যুপুরি আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তিনি নিজেকে ফতুল্লা থানা ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, স্বপ্নীল ও তার সন্ত্রাসী বাহিনী প্রায় রাতেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড়, কাজীপাড়া চৌরাবাড়ি এলাকায় ছিনতাই করার অভিযোগ রয়েছে। নিরীহ জনসাধারণকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগও পা্ওয়া গেছে। মাদক সেবনের পাশাপাশি অভিযোগও রয়েছে স্বপ্নীলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ছিনতাই কাজে বাধা দেওয়ায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ছেলে নব্য ছাত্রলীগ নেতা স্বপ্নীল ও তার সন্ত্রাসী বাহিনী তানভীর ও সাজ্জাদ নামের দুই যুবককে চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে তানভীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ভগ্নিপতি রফিক। রফিক জানান, ‘তানভীর বাঁচে কিনা তার নিশ্চয়তা নেই। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। আহত তানভীর ও সাজ্জাদ উভয়েই মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।’
অভিযোগের বিষয়ে নব্য ছাত্রলীগ নেতা স্বপ্নীলের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

