বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতাউর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে ফতুল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মমতাজ বেগম। ৫০ বছর বয়সী মমতাজ একই এলাকার বশির উদ্দিনের মেয়ে। ৪০ বছর বয়সী আতাউর রহমান রংপুর জেলার কোতোয়ালি থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই আল মামুন জানান, ১০ বছর আগে ভালোবেসে আতাউর রহমানকে বিয়ে করেন তার চাচাতো বোন মমতাজ। তবে তিনি শাসনগাছা এলাকায় বাবার বাড়িতে থাকতেন। আতাউরের চেয়ে মমতাজ বয়সে বড়। তাদের কোনো সন্তান নেই। বাবার সম্পত্তিতে স্বামীকে নিয়ে থাকতেন।
তিনি আরো জানান, যখন টাকার প্রয়োজন হতো, তখনই মমতাজের সঙ্গে ঝগড়া করতেন আতাউর। রোববার রাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। সকালে ফের ঝগড়ার একপর্যায়ে মমতাজকে মারধরের পর হত্যা করে পালিয়ে যান আতাউর। পরে আতাউরকে আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যার অভিযোগে আতাউরকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে।

