বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আবদুল কাদের নামে ৩৩ বছর বয়সী এক ফুল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ একটি ভবনের নিচে ফেলে যায় তারা।
মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফুল ব্যবসায়ী কাদেরের বাড়ি শেরপুরের চাপাতলী এলাকায়। তিনি নারায়ণগঞ্জের খাঁনপুর এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সুজন হক জানান, শহরের আমলাপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় ওই ফুল ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

