বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মির্জা পাভেল নামে এক সন্ত্রাসী ও তেল চোরকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও তেল চুরিসহ নানা অভিযোগ রয়েছে।
সম্প্রতি ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ফারুক আহম্মেদ নামে এক ব্যবসায়ীকে জমি দখলের হুমকি দিয়েছিল মির্জা পাভেল ও তার বাহিনী। ঐ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লা মডেল থানায় পাভেলসহ আটজনের নাম উল্লেখ করে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ করেন সেই ব্যবসায়ী।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার আবদুল খালেকের ছেলে ফারুক আহম্মেদ পঞ্চবটি এলাকায় একটি জমি কেনেন। পরে সন্ত্রাসী মির্জা পাভেল, তার সহযোগী নুরুল ইসলাম, চাঁন মিয়া, রাকিব, মির্জা সুমন, আসলাম, সুমন হাওলাদার, রানাসহ ১০-১২ জন তার কাছে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা নানাভাবে হয়রানি করতে শুরু করে। সম্প্রতি তারা ঐ ব্যবসায়ীর জমি দখলের হুমকি দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী মির্জা পাভেলকে আটক করা হয়েছে। তার বাহিনীর সদস্যদের ধরতে অভিযান চলমান।

