বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংগঠিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামী সেলিম মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ সকালে রাজধানীর ওয়ারী থানার ভগবতী ব্যানার্জী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সেলিম মিয়া একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে।
গত ১৯ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আগুয়ান্দী গ্রামে স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান।
তিনি আরো জানান, ঘটনার দিন শিশুটি তার মায়ের সাথে বাড়ীর পাশে একটি জমিতে ধান মাড়াইয়ের কাজ করছিলো। এ সময় তার পানির পিপাসা লাগায় পাশের একটি তাঁত কারখানায় টিউবওয়েলের পানি পান করতে যায়। সেখানে আসামী সেলিম মিয়া শিশুটিকে একা পেয়ে তাঁর পরনে থাকা ওরনা দিয়ে হাত পা বেঁধে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগে মেয়েটি মাদ্রাসায় আসা যাওয়ার পথে উক্ত সেলিম মিয়া মেয়েটিকে উত্যক্ত করত।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

