বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ঝুমা রানী নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঐ ঘটনায় তিন নারীর মৃত্যু হলো।
সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ঝুমার মৃত্যু হয়। তার শরীরের ৫০ভাগ দগ্ধ হয়েছিল। ঝুমার মা তুলসী রানীও আইসিউতে চিকিৎসাধীন। তার শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে।
ঝুমা রানীর ভাই রুবেল জানান, গত শুক্রবার ভোরে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে তার মা-বোনসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে বোন ঝুমা রানীসহ এরই মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। রুবেলের মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
সূত্র জানায়, বিস্ফোরণে ওই বাড়ির আশপাশের আরো তিনটি বাড়ির দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাশের বাড়ির ভাড়াটিয়া মায়া রানী, পথচারী মঙ্গলী রানী এবং ঐ ফ্ল্যাটের বাসিন্দা ঝুমা রানী নিহত হন। ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়িটির নিচতলায় পাঁচটি ঘরের দেয়াল চূর্ণ হয়ে যাওয়ায় অনেকটা নড়বড়ে হয়ে গেছে। ভবনের পিলারগুলোর রড বেরিয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে- যেকোনো সময় ভবনটি হেলে পড়ে আরো হতাহতের ঘটনা ঘটতে পারে।

