বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানায় ড্রেনে কাজ করার সময় স্কুলের দেয়াল ধসে দুলালী ও মো. হৃদয় নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পারভীন নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আলতাফ হোসেন বলেন, বন্দরের লক্ষণপুর স্কুলের পাশে ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তিনজনকে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুলালী ও হৃদয়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরেক শ্রমিক চাঁন মিয়া বলেন, সিটি করপোরেশনের ড্রেনের কাজ নেন রাসেল নামের এক ঠিকাদার। সেখানে আজ কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ধসে পড়ে। সে সময় দৌড় দিয়ে ওই খান থেকে সরে এলেও তারা তিনজন চাপা পড়ে। নিহত দুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার বালাহাটা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত শ্রমিক পারভীনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

