বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দু’টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। করোনাকালে অসহায় পরিবার দু’টির পাশে দাড়ানোর পাশাপাশি তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দু’টি পরিবারকে অটোরিকশা উপহার দেন ।
বৃহস্পতিবার ৬ মে নিজ নিজ কার্যালয়ের সামনে অসহায় দু’টি পরিবারকে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।
জানা গেছে, গেল বছরে করোনার প্রার্দুভাব ঠেকাতে লকডাউনের শুরুতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা সিএনজি চালক হুমায়ন কবির কাদির। ওই দুর্ঘটনার কারণে হুমায়ন কবির কাদিরের একটি পা অচল হয়ে যায়। এতে করে পরিবারটি চরম আর্থিক সঙ্কটে পড়ে। এরপর থেকেই হুমায়নের পরিবারকে নানাভাবে সহযোগিতা করে আসছিলেন সালমা ওসমান লিপি। অপরদিকে গেল বছরের জুন মাসের শুরুতে অগ্নিদগ্ধ হন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী পোড়াবাড়ি এলাকার নাজমুল কবির নাহিদ। পড়ে অগ্নিদগ্ধ নাহিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন সালমা ওসমান লিপি। তবে মোটা অংকের অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত নাহিদকে বাঁচানো যায়নি। এরপর থেকে নাহিদের পরিবারকেও নানাভাবে সহযোগিতা করে আসছিলেন সালমা ওসমান লিপি। দীর্ঘদিন সহযোগিতার পরে অসহায় দু’টি পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নেন সালমা ওসমান লিপি। তিনি অসহায় দু’টি পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিয়েছেন দু’টি অটোরিকশা উপহার।
বৃহস্পতিবার ৬ মে সকালে প্রথমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে অগ্নিদগ্ধে নিহত নাহিদের স্ত্রী শাহীনার হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী হুমায়ন কবির কাদিরের হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

